১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৩৪:২৭ অপরাহ্ন


সঠিক তথ্য ছাড়া রাষ্ট্র টিকতে পারে না: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৮:২৬:৩৬
সঠিক তথ্য ছাড়া রাষ্ট্র টিকতে পারে না: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


সঠিক ও অবাধ তথ্য প্রবাহকে সভ্যতার জন্য ‘অক্সিজেন’ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২ মে) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি সঠিক তথ্য ছাড়া একটি রাষ্ট্র বা সমাজ টিকে থাকতে পারে না। বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অভাব না থাকলেও বস্তুনিষ্ঠ তথ্যের সংকট রয়েছে। অপতথ্য বা ‘ডিস-ইনফরমেশন’ সমাজকে বিষিয়ে তুলছে যা মোকাবিলা করাই এখন রাষ্ট্র ও সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার কোনো কর্তৃত্ববাদী শাসক হিসেবে নয়, বরং একজন ‘সার্ভিসিং ম্যানেজার’ হিসেবে তথ্যের অবাধ ও পরিচ্ছন্ন প্রবাহ নিশ্চিত করতে চায়। আমাদের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহিতার যে অভাব রয়েছে, তা কাটাতে একটি উন্নত রেগুলেটরি সিস্টেম প্রয়োজন।

মুক্ত গণমাধ্যম ও সঠিক তথ্যের পরিবেশ নিশ্চিতে সরকার একটি টেকসই রোডম্যাপ তৈরি করছে জানিয়ে মন্ত্রী বলেন, এর অংশ হিসেবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি ‘রিসোর্সফুল নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অপতথ্য কেবল আইন দিয়ে নয়, বরং সৃজনশীল জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েই মোকাবিলা করতে হবে।