প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
এই সৌজন্য সাক্ষাতের একটি বিশেষ দিক ছিল রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের দেওয়া উপহার। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। ছবি দুটির একটিতে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। অন্য ছবিটিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র)। এই উপহারগুলো দুই দেশের দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের স্মারক হিসেবে তুলে ধরা হয়।
বৈঠক চলাকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন মাত্রা উন্মোচিত হলো।