দেশের পুলিশি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দ্রুত দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, থানায় আসা সাধারণ মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, ন্যায়নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি পুলিশের সহায়তা পেতে পারেন, সেটি নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়তে পর্যায়ক্রমে দেশের সব থানায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।