১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৫:১৪ অপরাহ্ন


রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৫:৫৭:২৭
রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে: ডিএমপি কমিশনার ছবি: সংগৃহীত


রাজধানীতে অপরাধ দমনে এবং চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজারে নতুন একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি জানান, সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করছে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে আগের মতো প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের সরাসরি বিচরণ না থাকলেও তাদের নাম ব্যবহার করে কিছু সহযোগী বা স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ সক্রিয় হওয়ার চেষ্টা করলেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কারওয়ান বাজারের মতো বাণিজ্যিক এলাকায় চাঁদাবাজি বন্ধে গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।

নতুন স্থাপিত এই পুলিশ ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হবে। কারওয়ান বাজারে অপরাধের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনে জনবল আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

একইসঙ্গে রাজধানীজুড়ে চলমান মাদক ও চাঁদাবাজিবিরোধী বিশেষ অভিযানের অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে কমিশনার স্পষ্ট জানান, কোনো পুলিশ সদস্য বা থানা যদি আইনি সহায়তা দিতে অস্বীকৃতি জানায়, তবে ভুক্তভোগীরা সরাসরি সংশ্লিষ্ট জোনাল এসি, ডিসি বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারবেন। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে যেকোনো গাফিলতির বিরুদ্ধে গুরুত্বসহকারে তদন্ত করা হবে।