ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সারা দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মূলত চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। পাঁচ দিনের এই সময়ের শেষভাগে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।