১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০০:৩১ অপরাহ্ন


এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৮:০০:০৫
এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা ছবি: সংগৃহীত


ওয়ানডে সিরিজের পর এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করলো বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪২ এবং হার্ষিতা সামারাবিক্রমার ঝোড়ো ৪৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। বিশেষ করে সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভার ৩৭ বলে ৬১ রানের বিধ্বংসী জুটি লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেয়। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার (২৩) ও জুয়াইরিয়া ফেরদৌস (২৯) পাওয়ার-প্লেতে ৪৬ রান তুলে দারুণ সূচনা করেছিলেন। কিন্তু মাঝপথে অধিনায়ক নিগার সুলতানা (৭) ও সোবাহানা মোস্তারি (০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শারমিন আক্তার একা লড়াই চালিয়ে ৪৪ রানে অপরাজিত থাকলেও দলের মন্থর ব্যাটিং হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।

শ্রীলঙ্কার কাভিশা দিলহারি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। আগামী ২ মে একই ভেন্যুতে সিরিজের শেষ ও আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে ওয়ানডে সিরিজটিও ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।