বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আজহারুল ইসলাম বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। তার প্রশ্ন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হিসেবে পরিচিতি পায়।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের রাজনৈতিক ভূমিকাও রয়েছে। তবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
আজহারুল ইসলাম বলেন, এটি দলটির সিদ্ধান্তের ঘাটতি নাকি রাজনৈতিক সমঝোতার অংশ—তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনার জবাবে তিনি বলেন, ইসলামপন্থীরা জান্নাতকে লক্ষ্য হিসেবে দেখে, যা তাদের বিশ্বাস ও আদর্শের অংশ।
তার এসব বক্তব্যের পর সংসদে আলোচনা কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।