১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০৫ অপরাহ্ন


আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল চান নেইমার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৯:৪৬:৩১
আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল চান নেইমার ছবি: সংগৃহীত


২০২৬ বিশ্বকাপ ফুটবল ঘনিয়ে এলেও ব্রাজিলের সেরা তারকা নেইমারের দলে থাকা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। শতভাগ ফিটনেস না থাকার কারণ দেখিয়ে সর্বশেষ প্রীতি ম্যাচগুলোর স্কোয়াডে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে কোচের আস্থার সুতোয় ভাগ্য ঝুললেও নেইমার নিজে বিশ্বকাপে খেলার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী।

বুধবার সুদাআমেরিকান কাপে সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই তারকা। নেইমার বলেন, "সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি বিশ্বকাপে থাকব। বিশ্বকাপে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, আশা করি আমি আমার সেই লক্ষ্য পূরণ করতে পারব।"

আসন্ন বিশ্বকাপে নিজের স্বপ্নের ফাইনাল নিয়েও মুখ খুলেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি মহাতারকা। তাঁর মতে, ফাইনালে যদি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয়, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত। তিনি জানান, এমন একটি ধ্রুপদী ফাইনাল দেখার জন্য তিনি মুখিয়ে আছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ। টুর্নামেন্টে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘সি’ গ্রুপে লড়বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এখন দেখার বিষয়, আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিয়ে নেইমার তাঁর স্বপ্নের সেই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হতে পারেন কি না।