১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:৩১ অপরাহ্ন


হাওরাঞ্চলে কৃষক সংকট, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি এনসিপির
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৯:১৪:৫৪
হাওরাঞ্চলে কৃষক সংকট, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি এনসিপির


নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোতে পারছে না। ইতোমধ্যে বহু পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম ও একমাত্র ফসল চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংগঠনটি সরকারের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—হাওরাঞ্চলে পর্যাপ্ত কম্বাইন হারভেস্টার সরবরাহ, ধান কাটার জন্য শ্রমিক নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা, ফসল রক্ষা বাঁধ দ্রুত মেরামত ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা, এবং সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে ন্যায্য মূল্য নিশ্চিত করা।

এনসিপি আরও বলেছে, হাওরাঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাদের সংকট নিরসনে বিলম্ব হলে জাতীয় খাদ্য ব্যবস্থাপনা ও অর্থনীতিতে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কৃষকের ফসল ও জীবিকা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।