১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৫৯:৫৬ অপরাহ্ন


টিটন হত্যার নেপথ্যে কী, জানালো ডিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৮:৫৬:৩৮
টিটন হত্যার নেপথ্যে কী, জানালো ডিবি ছবি: সংগৃহীত


রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের নেপথ্যে এলাকার আধিপত্য বিস্তার ও আসন্ন কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত বিরোধ কাজ করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, নিহত টিটন নিজেই একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদপুরের বসিলায় পশুর হাটের ইজারা এবং হাজারীবাগ-রায়েরবাজার এলাকায় আধিপত্য বজায় রাখা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সাথে তাঁর দীর্ঘদিনের বিরোধ ছিল। মামলার এজাহারে বাদী (টিটনের ভাই) শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও কাইল্লা বাদলসহ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। ডিবি এই অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, "হাট ইজারাকে কেন্দ্র করে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত রক্তপাত না ঘটে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।" এছাড়া বিদেশে বসে কেউ এই হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে। এ ধরনের কোনো যোগসূত্র পাওয়া গেলে ইন্টারপোলের সহায়তায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, ৫২ বছর বয়সী টিটন প্রায় দুই দশক কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক দুর্ধর্ষ অপরাধের মামলা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের শাহ নেওয়াজ হলের সামনে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দেওয়ায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।