১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০১ অপরাহ্ন


তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৮:৫৩:১৮
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী ছবি: সংগৃহীত


সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান পার্লামেন্ট কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির দানে নয়, বরং এটি জনগণের সরাসরি সমর্থনে গঠিত একটি সত্যিকারের ‘জনগণের পার্লামেন্ট’। গত ১৭ বছরে ১ হাজার ৪০০ নেতাকর্মীর শাহাদাতবরণ এবং অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী জানান, আন্দোলন করতে গিয়ে তিনি ১৯৩টি মামলার শিকার হয়েছেন এবং ৯৭ দিন রিমান্ড ও ৯ বার জেল খেটেছেন।

আলোচনায় রবিউল আলম একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু পুরো সংসদের নেতা, তাই সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরও দক্ষ ও পরিপক্ক করে তুলতে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মশালা বা সান্নিধ্যের প্রয়োজন। তিনি মনে করেন, এতে সংসদ আরও মহিমান্বিত হবে এবং বিরোধী দলের সদস্যরা যথাযথ সংসদীয় রীতিতে কথা বলার সক্ষমতা অর্জন করবেন।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নির্বাচনে পরাজিত শক্তির সমালোচনা করে তিনি বলেন, জনগণ বিভ্রান্ত হয়নি বলেই ২০২৬-এর নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।