১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:৫০ অপরাহ্ন


ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৫:২২:০৬
ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার ছবি: সংগৃহীত


দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস বিশেষ সরকারি সহায়তা প্রদান করা হবে।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের বর্তমান দুর্যোগময় পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী এই আশার বাণী শোনান। প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া বার্তার ওপর ভিত্তি করে তিন দিন আগেই তিনি সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তিনি কৃষকদের এই দুর্দশাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী সংসদে আরও জানান, অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সুনামগঞ্জসহ হাওরের তিনটি জেলা এবং ময়মনসিংহের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তা নিশ্চিত করার জন্য মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে ইতোমধ্যে ৫টি জেলায় বন্যার শঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের এই ঘোষণা হাওরাঞ্চলের সাধারণ কৃষকদের মনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।