১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:৪১ অপরাহ্ন


আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৪:০৭:২৩
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত ছবি: সংগৃহীত


সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি প্রিজনভ্যান আদালতের যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ভ্যানে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে কারাগার থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে তাকে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে হাজির করা হলে, অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত আগামী ২১ মে পরবর্তী তারিখ ধার্য করেন। এদিন তার সঙ্গে সাবেক এমপি সাদেক খানকেও আদালতে হাজির করা হয়েছিল। আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করেন যে, প্রিজনভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ সময় তিনি তার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিষয়টি আদালতের নজরে আনতে আইনজীবীকে প্রয়োজনীয় আবেদন করার অনুরোধ জানান।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গত ২২ এপ্রিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রধান আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গত বছরের ১৪ আগস্ট থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ এই মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার কথা ছিল।