১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫১:৩৯ অপরাহ্ন


বন্ধুর জুতো চুরি করে ভাইরাল শাহরুখ পুত্র আরিয়ান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৪:০৮:১৬
বন্ধুর জুতো চুরি করে ভাইরাল শাহরুখ পুত্র আরিয়ান ছবি: সংগৃহীত


বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে সচরাচর গম্ভীর মেজাজেই দেখা যায়। জনসমক্ষে তার হাসি মাখা মুখ দেখার জন্য ভক্তদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। তবে সম্প্রতি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আরিয়ান যে কাণ্ড ঘটালেন, তাতে তার ‘গম্ভীর’ ইমেজ এক নিমেষেই ধুলোয় মিশে গেছে। আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু মাহির মেহতা ও রিয়া নাদকার্নির বিয়ের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে, যেখানে আরিয়ানকে দেখা গেছে একদমই ভিন্ন ও প্রাণোচ্ছল এক অবতারে।

বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, উত্তর ভারতীয় বিয়ের জনপ্রিয় প্রথা ‘জুতো চুরি’র খেলায় মেতে উঠেছেন আরিয়ান। বরপক্ষের সদস্য হিসেবে বরের জুতো রক্ষা করার দায়িত্ব ছিল তার ওপর। কনেপক্ষের একদল অতিথি যখন জুতোটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তখন আরিয়ান রীতিমতো ‘যুদ্ধে’র ভঙ্গিতে তা আগলে রাখেন। ভিডিওতে দেখা গেছে, জুতোটি বুকের কাছে জাপটে ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে আরিয়ান ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলেন। কিন্তু নাছোড়বান্দা আরিয়ান দমে না গিয়ে নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে আসর ত্যাগ করেন।

বিয়ের আয়োজক সংস্থা ‘জেস্ট ইভেন্টস’ ইনস্টাগ্রামে এই মজাদার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “যখন বরের প্রিয় বন্ধু হয় ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এটি কেবল জুতো চুরি ছিল না, ছিল এক জমজমাট ধামাকা।” ভিডিওটি দেখে ভক্তরা মন্তব্য করছেন যে, বাবার মতো আরিয়ানের মধ্যেও দারুণ রসবোধ লুকিয়ে আছে। পর্দার সামনের গাম্ভীর্য যে কেবলই তার ব্যক্তিত্বের একটি দিক, এই ভিডিওটিই তার প্রমাণ।

বর্তমানে আরিয়ান তার ক্যারিয়ার নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরিচালক হিসেবে তার অভিষেক ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সিরিজে শাহরুখ খান, সালমান খান ও রণবীর সিংয়ের মতো তারকাদের উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছিল। তবে কাজের চাপের বাইরে বন্ধুর বিয়েতে তার এই সহজ-সরল ও মজাদার আচরণ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।