১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৯:০৩ অপরাহ্ন


এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্স
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৩:৪৯:৫৪
এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্স ছবি: সংগৃহীত


লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক প্রাণঘাতী হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার সোচ্চার হয়েছে ফ্রান্স। দেশটি লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এক বিবৃতিতে জানান, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ব্যাপক হামলার তীব্র নিন্দা জানায় ফ্রান্স। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে যে যুদ্ধবিরতি সমঝোতা চলছে, তার আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি ফেরাতে এই চুক্তির প্রভাব লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হন। এই রক্তক্ষয়ী পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও একই দাবি তুলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সেখানে ইসরায়েলের চলমান প্রাণঘাতী হামলা বন্ধ করা সম্ভব হয়।

আন্তর্জাতিক এই কূটনীতিক তৎপরতা এখন মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যা লেবাননসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার শেষ ভরসা হিসেবে দেখছে বিশ্বশক্তিগুলো।