গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে রাখা ডিজেলের ভেতর পড়ে আরাফ মিয়া নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক্টর রয়েছে। সেটির তেলের ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠানো হয়। এর আগে ট্যাংক থেকে প্রায় ৫০ লিটার ডিজেল বের করে বাড়ির বারান্দায় একটি ঢাকনাবিহীন কাটা ড্রামে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলা করার সময় হঠাৎ ওই ডিজেলের ড্রামে পড়ে যায় আরাফ।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান জানান, ড্রামে ডিজেল ভর্তি থাকায় শিশুটি নিমিষেই তলিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করে শিশুটি। পরিবারের অসতর্কতায় এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।