১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:১১ অপরাহ্ন


জ্বালানির দাম বাড়লেও সেভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে না : বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ২০:০২:৪২
জ্বালানির দাম বাড়লেও সেভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে না : বাণিজ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়লেও বাজারে পণ্যমূল্য বা মূল্যস্ফীতিতে এর বড় কোনো প্রভাব পড়বে না বলে জাতীয় সংসদে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই গাণিতিক ব্যাখ্যা তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যে হারে বেড়েছে, সেই তুলনায় বাংলাদেশে মূল্যবৃদ্ধি খুবই সামান্য বা ‘মডেস্ট’। তিনি উদাহরণ দিয়ে বলেন, ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা করা হয়েছে, যা মাত্র ১৫ শতাংশ বৃদ্ধি। একটি শিল্প-কারখানার উৎপাদন খরচে জ্বালানির অংশ থাকে মাত্র ৭ থেকে ৮ শতাংশ। ফলে এই সামান্য দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বা পণ্যের দামে বিশাল কোনো পরিবর্তন আসার কথা নয়।

পরিবহন খাতের প্রভাব নিয়ে মন্ত্রী ব্যাখ্যা দেন যে, একটি ট্রাকে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে যে পরিমাণ ডিজেল খরচ হয়, তাতে তেলের বাড়তি দামের কারণে প্রতি কেজি পণ্যের ওপর যে নামমাত্র ব্যয় বাড়বে, তা মূল্যস্ফীতি ঘটানোর মতো কোনো বড় উপাদান নয়। দেশের অর্থনীতির মৌলিক ভারসাম্য বজায় রাখতেই সরকার এমন সহনীয় পর্যায়ে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। মূলত বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বাজার স্থিতিশীল রাখাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।