১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:১৯ অপরাহ্ন


ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে নতুনভাবে পথ চলতে চাই: হুমায়ুন কবির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৩:৫৩:৫৩
ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে নতুনভাবে পথ চলতে চাই: হুমায়ুন কবির ছবি: সংগৃহীত


ভারতের সঙ্গে সম্পর্কের দীর্ঘদিনের প্রচলিত ধারা বদলে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বর্তমান সরকার। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের সেই পুরনো ধরন এখন অতীত।

উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির প্রক্রিয়াটি আরও গতিশীল করতে চায় সরকার। হুমায়ুন কবিরের মতে, দুই দেশের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব এবং জ্বালানি আমদানির এই প্রকল্পটির সফল বাস্তবায়নে সরকার বেশ আশাবাদী।

বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যে ধরনের বিশেষ সম্পর্কের ধারা ছিল, তা এখন আর কার্যকর হবে না। সেই অধ্যায় এখন পুরোপুরি শেষ। আমরা এখন সমতার ভিত্তিতে নতুনভাবে পথ চলতে চাই।”

আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরটি বর্তমান সরকারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে, কারণ সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট অমীমাংসিত ইস্যুগুলো, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধের মতো স্পর্শকাতর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। মূলত ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলাই এখন ঢাকার মূল লক্ষ্য।