১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৩:৫৪ অপরাহ্ন


ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৬:০২:৫৯
ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু ছবি: সংগৃহীত


ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘সততা অয়েল মিলস’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি বাসায় তিনি সপরিবারে বসবাস করতেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বিকেলে মাসুদ তার সহকর্মী ওমর ফারুককে সাথে নিয়ে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির একটি পরীক্ষা চালাচ্ছিলেন। ইউটিউব থেকে একটি পদ্ধতি দেখে সেটি প্রয়োগের সময় হঠাত একটি পাইপের ভেতরে অতিরিক্ত তাপমাত্রা ও চাপের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পাইপটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাসুদ ও তার সহকর্মী দুজনেই গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা চার দিন মৃত্যুর সাথে লড়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুদ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, মাসুদের সবসময়ই নতুন কিছু উদ্ভাবনের নেশা ছিল। তিনি প্রায়ই ইউটিউবে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখে তা বাস্তবে করার চেষ্টা করতেন। সম্প্রতি জ্বালানি সংকটের সমাধান হিসেবে তিনি নিজেই অকটেন তৈরির এই উদ্যোগ নিয়েছিলেন। তার ভাই মোর্শেদ জানান, তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতেই মূলত পাইপটি বিস্ফোরিত হয়েছে। উদ্ভাবনী কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে চেয়ে এই ব্যবসায়ী এখন না ফেরার দেশে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। দগ্ধ ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। এলাকায় এই মেধাবী ব্যবসায়ীর এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।