রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) বিশেষ সম্মেলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাঠ পর্যায়ের প্রশাসনিক গতিশীলতা আনয়নে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।