বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে বড় পরিবর্তন আনলো বিসিবি। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পাকিস্তান সিরিজ জয়ের পর ক্রিকেটারদের থেকে লিপুর বিদায় নেওয়ার খবরটি এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল।
যেভাবে চূড়ান্ত হলো নাম
বিসিবি সম্প্রতি নির্বাচক পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল, যেখানে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাককে নিয়ে গঠিত বিসিবির বিশেষ প্যানেল আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে হাবিবুল বাশার সুমনকেই প্রধান নির্বাচক হিসেবে বেছে নিয়েছে বোর্ড। এর আগে তিনি দীর্ঘদিন সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
নতুন সহকারী নির্বাচক নাঈম ইসলাম
সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাঈম ইসলামকে নিয়ে গুঞ্জন থাকলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাঈম ইসলামকেই চূড়ান্ত করেছে বিসিবি। ফলে নির্বাচক প্যানেলে নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়নি।
বেতন কাঠামো
সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনের মাসিক বেতন হবে ৪ লাখ টাকা। অন্যদিকে, নতুন সহকারী নির্বাচক নাঈম ইসলাম এবং আগে থেকেই দায়িত্ব পালন করা হাসিবুল ইসলাম শান্ত’র মাসিক বেতন হতে পারে ৩ লাখ টাকা।
ট্রেন্ড নিউস বিডি/কুবলাই