১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫৯:১৪ অপরাহ্ন


ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড় ঢালল স্বামী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৭:২৫:০৪
ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড় ঢালল স্বামী ছবি: সংগৃহীত


বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরি হওয়ার জেরে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দিয়ে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। গত রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী চুন্নু শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ এবং সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মুসলিমা বেগম (২৭) বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, রবিবার সকালে সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তার ভাত রান্না করতে কিছুটা দেরি হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী চুন্নু শেখ চুলা থেকে গরম ভাতের মাড় নিয়ে তার শরীরে ঢেলে দেন। ভাতের মাড়ে মুসলিমার মুখমণ্ডল, ঘাড় ও শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে মুসলিমা প্রায়ই তার স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। এই অমানবিক ঘটনার পর মুসলিমার ভাই বাদী হয়ে রবিবার রাতেই ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দগ্ধ নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, আসামিকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নির্যাতিতা গৃহবধূ এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।