১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৪:৫৫ অপরাহ্ন


যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৯:০৮:০৭
যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়লেও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। এই খাতে প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক মতভেদ বা বিতর্ক থাকতে পারে, কিন্তু তা যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়। বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে, তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শহীদ জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, "জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।"

সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি জানান, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এখন মূল চ্যালেঞ্জ। এছাড়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার কাজ শুরু হয়েছে এবং নারীদের জন্য নিরাপদ দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, নির্বাচনের আগে দেওয়া 'জুলাই সনদ' ও দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে তিনি রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ে অমিতব্যয়িতা পরিহার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।