১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৩২ অপরাহ্ন


বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৯:০৬:১৭
বাংলাদেশ সিরিজকে শেখার মঞ্চ হিসেবে দেখছে নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত


স্টার ক্রিকেটারদের অনুপস্থিতিতে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে আসলেও, একে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ তৈরির বড় সুযোগ হিসেবে দেখছেন কিউই অধিনায়ক টম লাথাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততার কারণে মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের মতো নিয়মিত তারকারা এই সফরে না থাকলেও, তরুণদের নিয়ে গড়া এই দলটিকে ঘিরেই আশাবাদী তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে লাথাম জানান, দলটিতে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও এটি অনেক তরুণের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের দারুণ এক মঞ্চ। বাংলাদেশের ভিন্ন কন্ডিশন ও উপমহাদেশের স্পিন-সহায়ক উইকেটে খেলার অভিজ্ঞতা তাদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন। লাথামের মতে, ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মাধ্যমে নিউজিল্যান্ডের ক্রিকেটে একটি শক্তিশালী বেঞ্চ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলকে সহায়তা করবে।

তরুণ দল নিয়ে সিরিজ জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী লাথাম। তিনি স্পষ্ট করে বলেন যে, তাদের মূল লক্ষ্য সিরিজ জেতা। প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে তার মূল দায়িত্ব হবে দলের নতুন সদস্যদের এই কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের সেরাটা বের করে আনা।

তারকা খেলোয়াড়দের ছাড়া এমন একটি তরুণ দল পরিচালনা করা চ্যালেঞ্জিং কি না, এমন প্রশ্নে লাথাম জানান, তিনি একে চ্যালেঞ্জ নয় বরং রোমাঞ্চ হিসেবে দেখছেন। তার মতে, বর্তমানে বিশ্বজুড়ে এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক সিরিজ চলছে যে দলগুলোর মধ্যে এমন পরিবর্তন স্বাভাবিক। এতে নতুন খেলোয়াড়রা দায়িত্ব নিতে শেখে, যা বিশ্ব ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। কিউই অধিনায়কের বিশ্বাস, তরুণরা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের মাটিতে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।