১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৬:১৮ অপরাহ্ন


নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই: মিরাজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৫:৪৯:৩৫
নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কিছু নেই: মিরাজ ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে নিজের পরিকল্পনা ও দলের লক্ষ্য নিয়ে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিউজিল্যান্ড তাদের পূর্ণশক্তির দল নিয়ে না আসলেও মাঠের লড়াইয়ে সফরকারীদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, কিউই দলের নিয়মিত অনেক খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে এই সফরে না আসলেও তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তার দল। বিশেষ করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকায় এই সিরিজ জয়কে বড় লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। মিরাজ মনে করেন, ঘরের মাঠে সিরিজ জিততে পারলে সেটি হবে দলের জন্য বড় একটি অর্জন।

অধিনায়কত্বের দীর্ঘমেয়াদি দায়িত্ব পাওয়া নিয়েও নিজের সন্তুষ্টি প্রকাশ করেন এই অলরাউন্ডার। বিসিবি তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের ভার দেওয়ায় তিনি মনে করেন, এতে দলের ভেতর একটি শক্তিশালী সেতুবন্ধন বা 'টিম বন্ড' তৈরি করা সহজ হবে। স্বল্পমেয়াদি নেতৃত্বের ফলে পরিকল্পনায় যে অস্থিরতা তৈরি হয়, দীর্ঘমেয়াদি দায়িত্বে তা কাটিয়ে প্রতিটি সিরিজের কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী নিখুঁত ছক কষা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

সতীর্থ থেকে বোর্ড সভাপতি হওয়া তামিম ইকবালের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মিরাজ জানান, বর্তমান সভাপতি দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট এবং খেলোয়াড়দের স্বাভাবিক ও ইতিবাচক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া দলের কম্বিনেশন নিয়ে মিরাজ ইঙ্গিত দেন যে, মিরপুরের কন্ডিশন বিবেচনায় গত কয়েক বছর ধরে ছন্দে থাকা পেস আক্রমণকেই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে আছে মিরাজ বাহিনী।