চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে এবং মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে মাদ্রাসার ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল লিজা। পথে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা মো. নুরুজ্জামানের একটি নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ কয়েকটি ইট তার মাথার ওপর পড়ে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার মাথায় গুরুতর চোট থাকায় সিটিস্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট না দেখা পর্যন্ত তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।