১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩২:১৩ অপরাহ্ন


ঝুট নামানোকে কেন্দ্র করে নাশকতায় নারায়ণগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৭:২৪:৪৩
ঝুট নামানোকে কেন্দ্র করে নাশকতায় নারায়ণগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট (ওয়েস্টিজ মালামাল) নামানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও যুবদলকর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন 'হোটেল গ্র্যান্ড সাফা ইন'-এ আত্মগোপনে থাকা অবস্থায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ফতুল্লার শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় প্রকাশ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় পরবর্তীতে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, আসামিদের নারায়ণগঞ্জ নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।