১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩০:৫১ অপরাহ্ন


দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু কৃষি ও কৃষক: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৪৯:০৪
দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু কৃষি ও কৃষক: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আনন্দ র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মোগল সম্রাটরা কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয়ের জন্য বাংলা সনের প্রবর্তন করেছিলেন। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়েই সরকার এ বছর পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বিতরণের দিন হিসেবে বেছে নিয়েছে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করা। আর এ কারণেই সরকারের স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘সবার আগে বাংলাদেশ’।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নববর্ষ উদযাপন করছে। আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী ডিআরইউ আয়োজিত ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।