ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ মডেলের।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে আরও দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের উদ্ধারে বর্তমানে জোরদার অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, এই বিধ্বস্ত হওয়ার পেছনে শত্রু বা মিত্রপক্ষের কোনো ধরনের হামলা বা গোলাগুলির সম্পর্ক নেই। এটি একটি দুর্ঘটনা হিসেবেই প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঘটা এই ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ করছে।
নিহত চার সেনাসদস্যের নাম এখনই প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। নিয়ম অনুযায়ী, তাদের পরিবারের কাছে আনুষ্ঠানিক খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর নিহতদের পরিচয় জনসমক্ষে আনা হবে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে মার্কিন সামরিক বিমানে এমন দুর্ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।