১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:০০ অপরাহ্ন


হঠাৎ মনে হলো বিসিবির অফিসটা রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে: বুলবুল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৭:৪৩:১৭
হঠাৎ মনে হলো বিসিবির অফিসটা রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে: বুলবুল ছবি: সংগৃহীত


আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে বোর্ড ছাড়ার সেই নাটকীয় মুহূর্তের বর্ণনা দিয়েছেন সাবেক সভাপতি বুলবুল।

বুলবুল জানান, বোর্ড ভেঙে দেওয়ার দিন দুপুরে তিনি পূর্বাচলে স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন। বিকেলে বোর্ডে ফিরে জানতে পারেন তাঁর কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেদিনের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “হঠাৎ মনে হলো অফিসটা রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে। শত শত মানুষের আনাগোনা দেখে একপর্যায়ে খালেদ মাসুদ পাইলট ও নাজমুল আবেদীন ফাহিমসহ আমি বোর্ড ছাড়তে বাধ্য হই।”

সাবেক এই অধিনায়ক আক্ষেপ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি ভেবেছিলেন বাংলাদেশে এবার খেলা ও রাজনীতি আলাদা হবে। তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটারদের রাজনীতিতে আসা নিয়ে কড়াকড়ি থাকলেও রাজনীতিবিদরা কেন বারবার খেলার মাঠে ঢুকে পড়েন। মূলত পেশাদারিত্ব ও রাজনীতির সংমিশ্রণ নিয়েই নিজের বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন সদ্য সাবেক হওয়া এই বিসিবি প্রধান।