১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫১:২৫ অপরাহ্ন


অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলায় ভারতীয় যুবক আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৬:১১:৩৬
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলায় ভারতীয় যুবক আটক ছবি: সংগৃহীত


ভোলার সদর এলাকা থেকে আব্দুল মমিন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে আটক করা হয়। রোববার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করেছে।

আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ভোলা সদর থানার খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন স্বীকার করেছেন যে, গত ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক পাচারকারীর সহায়তায় তিনি বাংলাদেশে প্রবেশ করেন। মূলত আত্মগোপন করার উদ্দেশ্যেই তিনি অবৈধভাবে এ দেশে আসেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।