১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩০:৪৫ অপরাহ্ন


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হল ৭ বছর পর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:৩৭:০৮
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হল ৭ বছর পর ছবি: সংগৃহীত


ফরিদপুরের নগরকান্দার আলোচিত জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রেজাউল মাতুব্বরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৭ বছর আত্মগোপনে থাকার পর শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাবুর কাইচাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসূল সামদানী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। রেজাউল মাতুব্বর বাবুর কাইচাইল গ্রামের মৃত সাহেদ আলী মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ আগস্ট কাইচাইল মাদরাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে রওশন মিয়া ও তাঁর ভাতিজা তুহিন মিয়া নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। রেজাউলকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে সেই চাঞ্চল্যকর মামলার সাজা কার্যকর করতে তাকে আইনের আওতায় আনা হলো।