১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০০:১৯ অপরাহ্ন


জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য জিকোর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৯:৪১:১৮
জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য জিকোর ছবি: সংগৃহীত


বাংলাদেশের ফুটবলাঙ্গনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম আনিসুর রহমান জিকো। ২০২৩ সালের সাফে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েও জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার কৌশলে ব্রাত্য হয়ে আছেন তিনি। পারফরম্যান্সের তুঙ্গে থেকেও কেন তিনি উপেক্ষিত, তা নিয়ে এতদিন নানা গুঞ্জন থাকলেও এবার সরাসরি কোচের বিরুদ্ধে মুখ খুলেছেন এই ‘বাজপাখি’। জিকোর দাবি, ব্যক্তিগত মনোমালিন্যের কারণেই তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে।

আগামী এশিয়ান কাপ বাছাইয়ের দলেও জিকোর জায়গা না হওয়ায় কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে জিকো এখন নতুন স্বপ্নে বুক বাঁধছেন, কারণ চলতি মাসেই বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কোচের বিদায়কেই জাতীয় দলে ফেরার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তার লক্ষ্য আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফে বাংলাদেশকে শিরোপা জেতানো।

তবে জিকোর এই ফেরার পথ পুরোপুরি নিষ্কণ্টক নাও হতে পারে। গুঞ্জন রয়েছে, বাফুফে আবারও স্বল্প মেয়াদে কাবরেরাকেই দায়িত্ব দিতে পারে এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সেই সুযোগ রাখা হয়েছে। যদি কাবরেরাই কোচের পদে বহাল থাকেন, তবে জিকোর ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় পড়তে পারে। যদিও এসব রাজনৈতিক সমীকরণ নিয়ে না ভেবে জিকো আপাতত ঘরোয়া লিগে নিজের পারফরম্যান্স দিয়েই নির্বাচকদের জবাব দিতে মরিয়া।