১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:৫৭ অপরাহ্ন


বিশ্বকাপে খেলার জন্য নেইমারকে যে শর্ত দিয়েছেন কোচ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৯:৩৯:০৩
বিশ্বকাপে খেলার জন্য নেইমারকে যে শর্ত দিয়েছেন কোচ ছবি: সংগৃহীত


২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে ভক্তদের মনে আশার আলো জ্বালিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ পরিকল্পনায় এখনো ভালোভাবেই টিকে আছেন এই ফরোয়ার্ড। তবে শর্ত একটাই—দলে জায়গা পেতে হলে আগামী দুই মাসের মধ্যে নেইমারকে শতভাগ ফিটনেস প্রমাণ করতে হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর গুরুতর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে আছেন ব্রাজিলের এই সর্বোচ্চ গোলদাতা। ফিটনেস সমস্যার কারণে গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচগুলোতেও তাকে দেখা যায়নি। বিশেষ করে বোস্টনে ফ্রান্সের কাছে হারের পর গ্যালারি থেকে নেইমারের জন্য স্লোগান উঠলে কোচ তখন কৌশলী অবস্থান নিলেও, এখন তিনি সরাসরিই নেইমারের ফেরার পথ খোলা রাখার কথা জানিয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেপিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এবং তিনি নিজে নেইমারকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোচ বলেন, "নেইমার চোট কাটিয়ে ভালোভাবেই ফিরছে এবং গোলও করছে। তবে বিশ্বকাপে খেলার জন্য তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে।" উত্তর আমেরিকা ও মেক্সিকোর মাটিতে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্ব আসরে নেইমারকে দলে পেতে আনচেলত্তি ইতিবাচক হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আগামী দুই মাসের পারফরম্যান্স ও শারীরিক অবস্থার ওপর।