আশি পেরিয়েও রূপালি পর্দার চিরতরুণ শাহেনশাহ অমিতাভ বচ্চন থামতে নারাজ। সম্প্রতি নিজের ব্লগে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করে বিগ-বি জানিয়েছেন, কাজহীন জীবন তার কাছে অসহনীয়। প্রতিদিনের কর্মব্যস্ততা না থাকলে তিনি মানসিকভাবে অস্থির ও বিষণ্ণ বোধ করেন।
অমিতাভ তার ব্লগে লিখেছেন, দীর্ঘদিনের অভ্যাসের কারণে নির্দিষ্ট সময়সূচি মেনে কাজ না করলে পুরো দিনটি তার কাছে অর্থহীন ও রহস্যময় মনে হয়। আলস্য বা কাজের শূন্যতা তার মনে উদ্বেগ তৈরি করে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক বলে তিনি মনে করেন। কাজের মধ্যেই তিনি জীবনের সার্থকতা খুঁজে পান।
সম্প্রতি এই কিংবদন্তি অভিনেতা জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজন শেষ করেছেন। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিলগ্নে দর্শকদের উদ্দেশে তিনি বেশ আবেগপ্রবণ বার্তা দিয়েছিলেন।
পর্দায় অমিতাভের জাদু এখনো অটুট। সর্বশেষ নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স ফিকশন ব্লকবাস্টার 'কল্কি ২৮৯৮ এডি'-তে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে কুড়িয়েছেন প্রশংসা। সিনেমাটি এক হাজার কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়েছে। বর্তমানে এই সিনেমার সিক্যুয়েলের শুটিং এবং অন্যান্য প্রজেক্ট নিয়ে অমিতাভ বচ্চন দারুণ ব্যস্ত সময় পার করছেন।