১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:০০ অপরাহ্ন


হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ নরসিংদীতে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৯:৩২:৩৫
হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ নরসিংদীতে ছবি: সংগৃহীত


নরসিংদীতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ গ্রাহক। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে শহরের বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও শিল্প-কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়নি।

হঠাৎ এই সংকটে গৃহিণীরা রান্নাবান্না করতে না পেরে বিপাকে পড়েছেন। খাবারের জন্য লোকজন হোটেল ও মিষ্টির দোকানে ভিড় করলেও গ্যাসের অভাবে সেখানেও পর্যাপ্ত খাবার তৈরি সম্ভব হয়নি। অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের সিএনজি স্টেশনগুলোতে গ্যাস না থাকায় শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় এবং অটোরিকশা চলাচল কমে যাওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান জানিয়েছেন, বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মেরামতের কাজ চলছে এবং দ্রুতই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষের আগাম কোনো ঘোষণা বা মাইকিং না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।