১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:২৩ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে পাকিস্তানের প্রস্তুতি কেমন?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৪:৩০:০০
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে পাকিস্তানের প্রস্তুতি কেমন? ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের চরম উত্তেজনা নিরসনে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে তিনি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যার ফলে আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাগুরুত্বপূর্ণ কূটনৈতিক আসরকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বনেতাদের নজর এখন পাকিস্তানের দিকে।

আলোচনায় যারা থাকছেন: এই শান্তি মিশনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি জানিয়েছেন, আলোচনার মূল ভিত্তি হবে তেহরানের প্রস্তাবিত '১০ দফা দাবি', যার আওতায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র গড়তে দেওয়া হবে না।

নিরাপত্তা ও প্রস্তুতি: এই হাই-প্রোফাইল বৈঠক সফল করতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুই শহরেই নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, রেঞ্জার্স ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিদেশি প্রতিনিধিদের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান সরকার। দীর্ঘদিনের সংঘাতের পর এই আলোচনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোর এক অনন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।