১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৩:১৩ অপরাহ্ন


হরমুজ প্রণালি পারাপারে ব্যারেল প্রতি ১ ডলার টোল আদায়ের শর্ত ইরানের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৪:২৩:৩৭
হরমুজ প্রণালি পারাপারে ব্যারেল প্রতি ১ ডলার টোল আদায়ের শর্ত ইরানের ছবি: সংগৃহীত


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পারাপারে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আরোপ করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই জলপথ ব্যবহারের জন্য জাহাজগুলোকে চীনা ইউয়ান বা ক্রিপ্টোকারেন্সিতে মাশুল দিতে হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, অনুমতি ও টোল ছাড়া প্রবেশ করলে হামলার ঝুঁকি রয়েছে বলে ক্রুদের সতর্ক করা হয়েছে।

ফিন্যানশিয়াল টাইমস জানিয়েছে, তেলবাহী ট্যাংকারের ক্ষেত্রে ব্যারেলপ্রতি ১ ডলার পর্যন্ত টোল নির্ধারণ করা হতে পারে, যা বড় জাহাজের জন্য কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন কঠিন হওয়ায় ইরান বিকল্প মুদ্রা ও ক্রিপ্টোকে বেছে নিয়েছে। বর্তমানে টোল ও অনুমতির অপেক্ষায় প্রণালির দুই পাশে প্রায় ৪০০ জাহাজ আটকা পড়ে আছে, যাকে বিশেষজ্ঞরা 'বিশাল পার্কিং লট' হিসেবে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রাকৃতিক জলপথে এমন টোল আদায় অবৈধ হলেও ইরান একে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধে না জড়িয়েও বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করতেই ইরান এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ও দামে বড় অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।