১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:১৪:১২ পূর্বাহ্ন


ফাঁসির রায় শুনে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৪:১৭:৪২
ফাঁসির রায় শুনে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’ ছবি: সংগৃহীত


জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষিত এই ঐতিহাসিক রায়ে সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সর্বোচ্চ এই সাজা প্রদান করা হয়। এছাড়া মামলার মোট ২৮ জন আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের অপরাধের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। দণ্ডপ্রাপ্ত সাবেক এএসআই আমির হোসেনকে এজলাস থেকে বের করে নেওয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, "আমি নির্দোষ, এই রায় মানি না। আমি সরকারি চাকরি করেছি এবং কেবল সরকারের হুকুম পালন করেছি। আমি হুকুমের গোলাম।" এসময় তিনি উচ্চস্বরে 'জয় বাংলা' স্লোগানও দেন।

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন জানিয়েছেন, তারা এই রায়ে সংক্ষুব্ধ। তিনি বলেন, আপাতত সাজার বিষয়টি জানতে পেরেছেন এবং পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে উচ্চ আদালতে আপিল করবেন। নির্ধারিত সময়ের মধ্যেই আপিল বিভাগে আবেদন করে আসামিরা খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আবু সাঈদ হত্যার এই রায়কে জুলাই অভ্যুত্থানের বিচার প্রক্রিয়ায় একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।