১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৫১:০৯ অপরাহ্ন


রাত পোহালেই বগুরা-৬ আসনের উপনির্বাচন, প্রস্তুতি সম্পন্ন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ২০:০৪:৪৯
রাত পোহালেই বগুরা-৬ আসনের উপনির্বাচন, প্রস্তুতি সম্পন্ন ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ভোটগ্রহণ। ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কড়া নিরাপত্তায় ১৫০টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তবে তিনি ঢাকা-১৭ আসন থেকে শপথ নেওয়ায় নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এবারের উপনির্বাচনে মূল লড়াই হবে দ্বিমুখী। নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)। স্থানীয় ভোটারদের মতে, লড়াই মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সহকারী রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল জানিয়েছেন, কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকছেন প্রায় দেড় হাজার পুলিশ এবং দুই হাজার আনসার সদস্য। এছাড়া ডগ স্কোয়াডসহ ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব এবং সেনাবাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। এই উপনির্বাচনের ফলাফলের ওপর বগুড়ার স্থানীয় রাজনীতির অনেক সমীকরণ নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।