১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৩:০০ অপরাহ্ন


২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান: ইরানের ক্রীড়ামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ২০:১৬:৪৫
২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান: ইরানের ক্রীড়ামন্ত্রী ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জের ধরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালির এই চাঞ্চল্যকর বক্তব্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি সরাসরি সংঘাতের প্রেক্ষাপট টেনে বলেন, "যে দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে কোনো অবস্থাতেই আমাদের পক্ষে এই বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।" মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলার বিষয়টি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তেহরানের কাছে গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ড্র অনুযায়ী, ইরান পুরুষ ফুটবল দলের গ্রুপ পর্বে মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। বিশেষ করে আগামী ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান সিদ্ধান্তে তা অনিশ্চয়তার মুখে পড়ল।

ইরানের এই আকস্মিক ঘোষণা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কারণে বিশ্বকাপের মতো আসর বর্জনের এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।