১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:২৮ পূর্বাহ্ন


শুক্রবারও দুই বেলা অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৬:৪৬:০৭
শুক্রবারও দুই বেলা অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে: চিফ হুইপ ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের চলমান অধিবেশনে আইন প্রণয়নের ব্যাপক চাপের মুখে পড়েছে সংসদ সচিবালয়। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিকালে গণমাধ্যমকে ব্রিফিংয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশ পাসের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪টি অধ্যাদেশ পাস করা হয়েছে। কাজের গতি বাড়াতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একাধিক অধ্যাদেশকে একীভূত করে বিল আকারে সংসদে উত্থাপন করা হচ্ছে।

চিফ হুইপ আরও জানান, এই বিশাল কর্মযজ্ঞ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে সংসদ প্রয়োজনে অতিরিক্ত অধিবেশনে বসবে। এমনকি জরুরি প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে। আইন প্রণয়নের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে সংসদীয় কমিটি।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে নূরুল ইসলাম জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাগে সম্ভাব্য ৩৬টি আসন পড়বে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে সুষমভাবে বণ্টন করা হবে। মনোনয়নের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে—সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা এবং গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নারী নেত্রীদের ত্যাগ ও পরীক্ষিত ভূমিকা। দলীয় প্রধানের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই এই নামগুলো চূড়ান্ত করা হবে।

ব্রিফিংয়ে সংসদের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়েও কঠোর হুঁশিয়ারি দেন চিফ হুইপ। তিনি জানান, সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতার প্রমাণ মিলেছে। তবে চলমান অধিবেশন যেন ব্যাহত না হয়, সেজন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি অধিবেশন শেষ হওয়ার পর কার্যকর করা হবে। এই অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।