দেশে হামের ভ্যাকসিনের মজুত স্থিতিশীল রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন করে হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। হামজনিত মৃত্যুর ঝুঁকি কমাতে এবং এই রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার শিশুদের জীবন রক্ষায় বদ্ধপরিকর এবং সময়মতো মানসম্মত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। আগামী ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টিকাদান কর্মসূচি সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।