১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:২৯ অপরাহ্ন


১৮ এপ্রিল থেকে শুরু হজের ফ্লাইট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১২:৪১:০৪
১৮ এপ্রিল থেকে শুরু হজের ফ্লাইট


আগামী ১৮ এপ্রিল থেকে ২০২৬ সালের পবিত্র হজের ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজের যাবতীয় কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব এবং বাংলাদেশ অংশের প্রয়োজনীয় সব খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া সৌদি আরবের নির্ধারিত সময়সীমা (টাইমলাইন) অনুসরণ করে ভিসা সংগ্রহসহ আনুষঙ্গিক সব প্রস্তুতিও সফলভাবে সম্পন্ন হয়েছে।

হজ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী আরও জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি এবং হজের খরচ সাধারণ মানুষের নাগালে রাখার বিষয়ে সরকার সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় সামগ্রিক পরিস্থিতি ও হজযাত্রীদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে হজ প্যাকেজের ব্যয় কমানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

জাতীয় সংসদের এই অধিবেশনে মন্ত্রীর এমন ঘোষণা হজযাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে এবং হজের প্রস্তুতিমূলক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ফ্লাইটগুলোর মাধ্যমে এ বছর দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।