১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৪৬:৫৮ পূর্বাহ্ন


ম্যাচ মেক্সিকোতে স্থানান্তর না হলে বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৬:১৩:০১
ম্যাচ মেক্সিকোতে স্থানান্তর না হলে বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের ছবি: সংগৃহীত


আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইরানের ম্যাচগুলো যদি মেক্সিকোতে স্থানান্তর করা না হয়, তবে তারা এই বিশ্ব আসর বর্জন করবে। মূলত যুক্তরাষ্ট্রে ইরানি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এখন খেলার মাঠেও প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ আয়োজন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মন্তব্যের পর ইরানি ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, তারা তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তবে ফিফা এখন পর্যন্ত ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

তফসিল অনুযায়ী, ক্যালিফোর্নিয়া ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার কথা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত। এখন ফিফা এবং আয়োজক দেশগুলো ইরানের এই আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়, তার ওপরই নির্ভর করছে বিশ্বকাপে দলটির অংশগ্রহণ।