১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:৫৬ অপরাহ্ন


জ্বালানি সংকটে সাগরে যেতে পারছে না ট্রলার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৫:৪৪:০৭
জ্বালানি সংকটে সাগরে যেতে পারছে না ট্রলার ছবি: সংগৃহীত


আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার আগে তীব্র জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞার দুই মাস সংসারের খরচ জোগাতে শেষবারের মতো সাগরে যাওয়ার প্রস্তুতি নিলেও তেলের অভাবে ঘাটে নোঙর করে আছে শত শত ট্রলার। পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে দেখা গেছে, জেলেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, এই সংকটময় মুহূর্তে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট তৈরি করে প্রতি ব্যারেলে ৪ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে মাছের পরিমাণ কম, তার ওপর চড়া দামে তেল কিনে মাছ ধরা জেলেদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে ধারদেনা করে ট্রলার প্রস্তুত করলেও শেষ মুহূর্তে সাগরে যেতে না পেরে কয়েক হাজার জেলে পরিবার এখন বড় ধরনের আর্থিক ও মানবিক সংকটের মুখে পড়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন।