১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০৪:২৫ অপরাহ্ন


হাম প্রতিরোধে সরকারের পুরোপুরি প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৯:০৭:৫৪
হাম প্রতিরোধে সরকারের পুরোপুরি প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশে আকস্মিক হামের প্রাদুর্ভাব দেখা দিলেও তা মোকাবিলায় বর্তমান সরকার এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরস্থ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ‘বাবল সিপ্যাপ’ ব্যবহারের ওপর একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে ‘বজ্রপাতের মতো’ আকস্মিক উল্লেখ করে বলেন, এই প্রাদুর্ভাবের জন্য শুরুতে কোনো পূর্বপ্রস্তুতি না থাকলেও অত্যন্ত অল্প সময়ের মধ্যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি ঘোষণা দেন যে, আগামী রোববার থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি জানান, ঢাকা ও রাজশাহীসহ দেশের উপদ্রুত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

চিকিৎসা সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, রাজশাহী ও মানিকগঞ্জের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং সব পর্যায়ের চিকিৎসক ও নার্সদের বিশেষ নির্দেশনাসহ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হামের কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত জটিলতা নিরসনে আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে সব স্তরের স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করে মন্ত্রী স্বাস্থ্য খাতের অভ্যন্তরীণ কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তিনি অত্যন্ত দুঃখের সাথে জানান যে, টিকাদান কার্যক্রমে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়ক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এ ছাড়া ২৫ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকের পদোন্নতি ঝুলে আছে। এসব সমস্যাকে কর্মীদের জন্য বড় কষ্টের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। সব বাধা পেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।