বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্রিস রাইট নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বজুড়ে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরে যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা করেন। জবাবে সেক্রেটারি রাইট জানান, তার দল বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
বৈঠকে উভয় পক্ষ দীর্ঘমেয়াদী নিরাপদ জ্বালানি সমাধান এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ সময় যুক্তরাষ্ট্রের ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের সহকারী সচিব অড্রে রবার্টসন এবং বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠক দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।