১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:২০ অপরাহ্ন


একই সুর, একই পরিণতি: ‘পিয়া রে’ গানের নায়ক ও গায়কের বিদায়
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:৫২:৩৩
একই সুর, একই পরিণতি: ‘পিয়া রে’ গানের নায়ক ও গায়কের বিদায়


আঠারো বছর আগে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার সেই কালজয়ী গান— ‘পিয়া রে পিয়া রে’ আজও বাঙালির মনে দাগ কেটে আছে। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে, মাত্র সাত মাসের ব্যবধানে সেই গানের নেপথ্যের গায়ক এবং পর্দায় থাকা নায়ক দুজনেই প্রায় একই কায়দায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন। প্রখ্যাত গায়ক জুবিন গার্গের পর এবার পশ্চিমবঙ্গের দিঘায় সমুদ্রের পানিতে ডুবে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

জুবিন গার্গের সেই অকালপ্রয়াণ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে’ অংশ নিতে গিয়ে সমুদ্রের পানিতে স্কুবা ডাইভিং করার সময় তলিয়ে যান অসমের কালচারাল আইকন জুবিন গার্গ। তাঁর সেই আকস্মিক মৃত্যুতে পুরো বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছিল। সে সময় অভিনেতা রাহুল শোকাতুর হয়ে বলেছিলেন, “একজন বন্ধুকে হারালাম। ও আমার চিরসখা ছিল।” কে জানত, বন্ধুর সেই শোক কাটতে না কাটতেই রাহুলকেও একইভাবে চলে যেতে হবে!

যেভাবে প্রাণ হারালেন রাহুল রোববার পশ্চিমবঙ্গের দিঘাসংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। পরিচালক শুভাশিস মণ্ডলের বর্ণনা অনুযায়ী, শুটিংয়ের ফাঁকে সহ-অভিনেত্রী শ্বেতার সঙ্গে হাঁটু সমান পানিতে নেমে জল ছোড়াছুড়ি করছিলেন রাহুল। কিন্তু হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে গভীর পানির দিকে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যে পানি তাঁর গলা পর্যন্ত উঠে আসে। ইউনিটের সদস্যরা দ্রুত দড়ি ফেলে এবং নৌকার সাহায্যে তাঁকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

‘পিয়া রে’ এবং একটি বন্ধুত্বের সমাপ্তি জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ও প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় ‘পিয়া রে’ গানটি রাহুল ও প্রিয়াঙ্কা জুটিকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল। জুবিনের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে রাহুল স্মৃতিচারণ করে বলেছিলেন যে, আজও কোনো রেস্তোরাঁয় গেলে তাঁর সম্মানে কর্মীরা এই গানটি বাজিয়ে দেন। ২০০৮-০৯ সালের সেই সোনালী দিনগুলোতে জুবিন, রাহুল ও প্রিয়াঙ্কা একসঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন, যা তাঁদের মধ্যে এক গভীর বন্ধুত্বের বন্ধন তৈরি করেছিল।

রাহুলের মৃত্যুতে টলিউডে শোকের রোল পড়ে গেছে। রাজ চক্রবর্তীর হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তার এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। জুবিনের সেই দরদী কণ্ঠ আর রাহুলের সেই আবেগঘন অভিনয়— দুই-ই এখন কেবলই স্মৃতি।