নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি মাসেই ঝিনাইদহ ও ফেনী জেলায় দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল, ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী জানান, বর্তমান সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেই মহাপরিকল্পনা বাস্তবায়নেই নিরলস কাজ চলছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন নদী, খাল ও জলাশয় কোনোভাবেই দখলদারদের কবলে না পড়ে। এই লক্ষে খালের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকারের পূর্বঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদারকি করছেন। তৃণমূল পর্যায়ে পানির প্রবাহ নিশ্চিত করা এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই খাল খনন প্রকল্পগুলো মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঝিনাইদহ ও ফেনী সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।